চীন-ইন্দোনেশিয়া থেকে জ্বালানি কিনবে সরকার, খরচ ১২ হাজার ৫৩৭ কোটি
সংগৃহীত ছবি
চলতি বছরের বাকি সাড়ে তিন মাসের জ্বালানি চাহিদা মেটাতে ১২ হাজার ৫৩৭ কোটি টাকা ব্যয়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চীন ও ইন্দোনেশিয়া'র রাষ্ট্রায়ত্ত কোম্পানির কাছ থেকে জিটুজি চুক্তির আওতায় এসব জ্বালানি কেনা হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। চীনের ইউনিপেক ও পেট্রো চায়না এবং ইন্দোনেশিয়া'র বিএসপি থেকে জ্বালানি আমদানি করা হবে।
অন্যদিকে, একই সময়ের জন্য দরপত্র ছাড়াই আরও ৬ লাখ ৯৫ হাজার টন গ্যাস অয়েল ও জেট ফুয়েল কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জিটুজি চুক্তি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০:৫০ অনুপাতে জ্বালানি কেনার আগের শর্ত বৈঠকে শিথিল করা হয়েছে। এর ফলে চীন ও ইন্দোনেশিয়া'র রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর সঙ্গে জিটুজি চুক্তির মাধ্যমে জ্বালানি কেনার সিদ্ধান্ত হয়েছে।
তবে ১২ হাজার ৫৩৭ কোটি টাকার এই আমদানিতে ঠিক কী পরিমাণ জ্বালানি কেনা হবে, তা অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
