হত্যাচেষ্টা মামলায় জামিননামা দাখিল করলেন গাজী নজরুল
পল্লবী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন পাওয়ার পর ঢাকার আদালতে জামিননামা দাখিল করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে উপস্থিত হয়ে তিনি জামিননামা জমা দেন।
এর আগে গত ১০ আগস্ট এ মামলায় গাজী নজরুল ইসলামকে আট সপ্তাহের জামিন দেন হাইকোর্ট।
মামলার এজাহার অনুযায়ী, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ ও গোপন ভিডিও ফাঁসের সন্দেহে মারধর এবং শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে গত ২১ জুলাই পল্লবী থানায় মামলা করেন তার ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান।
মামলায় গাজী নজরুল ইসলাম ছাড়াও আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ ও রাকিবুল হাসানকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, গাজী নজরুলের সঙ্গে ওবায়দুরের ভাগ্নির একটি সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে ওবায়দুর পরিবারকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
মামলার বিবরণে আরও দাবি করা হয়, ভিডিও ফাঁসের সন্দেহকে কেন্দ্র করে গত ১৪ জুলাই ওবায়দুরকে ডেকে নিয়ে লাঠি দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তাকে মেঝেতে ফেলে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। পরে আহত ওবায়দুরকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়।
মামলায় আসামিদের বিরুদ্ধে পরবর্তীতে ওবায়দুরকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
//রুশা//
