সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো লিটারে ২০ টাকা
দেশে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনসহ সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এই দর নির্ধারণের কথা জানানো হয়েছে। রাত ১২টা থেকেই নতুন এই মূল্য কার্যকর করার নির্দেশ দিয়েছে সরকার।
নতুন সিদ্ধান্তের ফলে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে হলো ১৩৫ টাকা। একই সঙ্গে পেট্রলের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা করা হয়েছে। এছাড়া কেরোসিনের দামও লিটারপ্রতি ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা নির্ধারণ করছে মন্ত্রণালয়।
জ্বালানি বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিলো। এর পর থেকে গত ৫ মাস বিশ্ববাজারে জ্বালানির দর চড়া থাকলেও দেশে তেলের দাম আর বাড়ানো হয়নি। এছাড়া পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে তেলের বিক্রয়মূল্য অনেকটাই কম ছিলো বলে দাবি করেছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ফলে গত মার্চ থেকেই বিশ্ববাজারে সব ধরনের তেলের দাম এবং জাহাজ ভাড়া অনেক বেড়েছে। দর দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় দীর্ঘদিন ধরে দাম অপরিবর্তিত রাখা হয়েছিলো। এর ফলে গত মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) আনুমানিক ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।
//আইই//
