মূল্যস্ফীতি বেড়ে ৯.৯৩ শতাংশ
অক্টোবরে
প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৩, ৮:২০:২২
অক্টোবর শেষে মূল্যস্ফীতি আবার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশে। এর আগে গত আগস্ট মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। গড় মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি হলেও খাদ্য মূল্যস্ফীতিতে রেকর্ড ছাড়িয়েছে। গত মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৬ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
দেশের অর্থনীতি এমনিতেই টালমাটাল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর নানান অজুহাতে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন শিল্প মালিকরা। নতুন করে রাজনৈতিক অস্থিরতা সাধারণ মানুষের জন্য দুঃসংবাদই নিয়ে আসবে। এতে নিজেদের ব্যবসা আরও সুসংহত করতে পারবেন ব্যবসায়ীরা। রাজনৈতিক অস্থিরতার বিষয়টি যেহেতু আগে থেকেই অনুমেয় ছিল, সেটি জেনেই মজুদ বাড়িয়েছেন তারা। তারই ফল স্বরূপ গত কয়েকদিনে আলুর দাম বেড়ে ৭০ টাকায় দাঁড়িয়েছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার কয়েকটি পণ্যে দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু সিন্ডিকেটের খপ্পরে থাকা পণ্য বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় সরকার ডিম ও আলুর মতো পণ্যও আমদানির সিদ্ধান্ত নিয়েছিল। তবে বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কথা কয়েকজন মন্ত্রী নিজেরাই স্বীকার করেছেন। সিন্ডিকেট ভাঙতে না পারার আক্ষেপ করেছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। কিন্তু তাদের আক্ষেপ সীমাবদ্ধ ছিল সেই মঞ্চ পর্যন্তই। বাজারে তার কোনো ফল পাওয়া যায়নি।
