২০-৪০ বছর বয়সীদের বাড়ছে স্ট্রোকের ঝুঁকি, জানুন ৫ সতর্ক সংকেত
স্ট্রোক মানেই কি শুধু বয়স্কদের রোগ? চিকিৎকরা বলছেন, ‘না’। ধারণাটি এখন আর পুরোপুরি সত্য নয়। ২০, ৩০ এমনকি ৪০-এর কোঠায় থাকা তরুণদের মধ্যেও বাড়ছে স্ট্রোকের ঝুঁকি। বাইরে থেকে সুস্থ ও কর্মক্ষম মনে হলেও অনিয়মিত জীবনযাপন, দীর্ঘ সময় বসে থাকা, অস্বাস্থ্যকর খাবার, মানসিক চাপ, ঘুমের ঘাটতি ও ধূমপানের মতো অভ্যাস অজান্তেই বাড়িয়ে দিতে পারে ঝুঁকি।
নিউরোসার্জনদের মতে, স্ট্রোকের রোগীদের বয়সের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। আগে ৪০ বছরের নিচে স্ট্রোককে বিরল ঘটনা মনে করা হলেও বর্তমানে তরুণদের মধ্যে স্ট্রোক ও অন্য রক্তনালিসংক্রান্ত রোগের প্রবণতা বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, কর্মব্যস্ততা ও শারীরিক নিষ্ক্রিয়তার কারণে অল্প বয়সেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল ও স্থূলতার মতো সমস্যা দেখা দিতে পারে। এর সঙ্গে ধূমপান, অতিরিক্ত মদ্যপান ও মাদক গ্রহণ যুক্ত হলে ঝুঁকি আরও বাড়ে। তাই ৩৫ বছর বয়স থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিবারে অল্প বয়সে স্ট্রোকের ইতিহাস থাকলে ২০-২৫ বছর বয়স থেকেই পরীক্ষা শুরু করা উচিত।
হঠাৎ ভারসাম্য হারানো, দৃষ্টিশক্তি কমে যাওয়া, মুখ বেঁকে যাওয়া, হাত-পা দুর্বল বা অসাড় হওয়া এবং কথা জড়িয়ে যাওয়া, এই পাঁচ লক্ষণ দেখা দিলে অবহেলা নয়, দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। কারণ স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ।
/রুশা/
