টঙ্গী’র ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানা বন্ধ ঘোষণা
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গী’র চেরাগ আলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় আগুন লাগার পর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কারখানার ফ্যাক্টরি ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদের স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে। কবে নাগাদ কারখানার কার্যক্রম আবার শুরু হবে, সে-ই বিষয়ে নোটিশে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
এর আগে, বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ শুরু করে। পরে গাজীপুর ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ১১টি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণের কাজ চালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মকর্তাসহ ৩ সদস্য আহত হন।
আহত ওয়্যারহাউস ইন্সপেক্টর নূর উদ্দিন ও জহিরুল ইসলামকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ফায়ার ফাইটার কালামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কারখানাটিতে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে কারখানার ২টি ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানায় মজুত থাকা ওষুধ তৈরির কেমিক্যাল, দাহ্য পদার্থ এবং মূল্যবান উৎপাদন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। কারখানার শ্রমিকরা সময়মতো নিরাপদে বের হতে পারায় বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে। আমাদের তিনজন আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
/এমএএইচ/
