আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার: মাহফুজ আলম
দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। রবিববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, রাষ্ট্র পুনর্গঠনের জন্য একদিকে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে, অন্যদিকে জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করতে লড়াই চালিয়ে যেতে হবে।
সাবেক অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার সামাজিক ও রাজনৈতিক অগ্রগতি প্রয়োজন। আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনে সৃষ্ট সন্ত্রাসের ক্ষত কাটিয়ে সৃজনশীল সামাজিক-রাজনৈতিক উল্লম্ফন ঘটাতে হবে। তিনি বলেন, আস্থা ও স্থিতিশীলতা ধরে রেখে অনাকাঙ্ক্ষিত সংকটগুলো সবাইকে মিলে দূর করতে হবে। পাশাপাশি রাষ্ট্র ও অর্থনীতির ব্যাপক সংস্কার কার্যকর করতে ও বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগঠিত হওয়া দরকার।
মাহফুজ আলম বলেন, রাষ্ট্র ভঙ্গুর বা ব্যর্থ হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে। আবার রাষ্ট্র ফ্যাসিবাদী হয়ে উঠলেও জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে। তাই কোনো পরিস্থিতিই তৈরি হতে দেওয়া উচিত নয়।
/শান্ত/
