তিন বাসে আগুন রাজধানীতে
অবরোধের প্রথম দিন
প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৩, ১১:০১:১৪
রাজধানীর বাংলামোটর, মিরপুর সাড়ে ১১ ও সরকারি বাঙলা কলেজের সামনে তিনটি বাসে আগুন দেয়া হয়েছে। তবে এতে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। রোববার সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ী-মিরপুর রুটে চলাচলকারী শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। এদিকে বাংলামোটর মোড়ে বাংলামোটর থেকে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। এর আগে বিকেল পৌনে চারটার দিকে মিরপুর এক নম্বর সেকশনের বাংলা কলেজের সামনে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয়া হয়। বাসটির চালক হাওলাদার মুহাম্মদ নিজামুদ্দীন জানান, মিরপুর রুটে চলাচলকারী শিক্ষার্থীদের নামিয়ে চৈতালী নামের ওই বাসটি নিয়ে আমি কল্যাণপুর ডিপোতে ফিরছিলাম। বাংলা কলেজের সামনে মানুষজন আমাকে বলে, আপনার বাসের দুই তলায় আগুন। তখন গাড়ি থামিয়ে আগুন নেভানোর চেষ্টা করি।
