সহজে হাল ছাড়বে না বিএনপি
আরও কঠোর হবে আন্দোলন
প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৩, ৩:২৯:০৫
মোটামুটি বিএনপির সকল উচ্চপর্যায়ের নেতাই এখন জেলে। বাকিদেরকেও থাককতে হচ্ছে লুকিয়ে গণগ্রেপ্তার এড়াতে। সরকার যেন বিরোধী দমনে 'পাগল' হয়ে উঠেছে। তবে এতকিছুর পরও সরকার পতনের একদফা দাবিতে আরও কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে বিএনপি। দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল ঘিরেই এখন সব প্রস্তুতি দলটির। তফশিল ঠেকাতে করণীয় ঠিক করতে সিনিয়র নেতাদের পরামর্শ নিচ্ছে হাইকমান্ড। দ্বিতীয় দফার অবরোধ শেষ হলে একদিন বিরতি দিয়ে ফের দুদিন অবরোধ বা হরতাল কর্মসূচির কথা ভাবছে দলটি। এরপর আবারও দুদিন (শুক্র ও শনি) বিরতি দিয়ে টানা তিন দিন অথবা পাঁচ দিন কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছেন নেতারা। আজ নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। নীতিনির্ধারকদের মতে, তফশিল ঘোষণার তারিখ জানার চেষ্টা করছেন তারা। সে অনুযায়ীই কর্মসূচি আসবে। যেদিন তফশিল ঘোষণা করা হবে তার আগের কয়েকদিন দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে তৃণমূলেরও মতামত নেওয়া হয়েছে। তারাও আরও কঠোর কর্মসূচি চান। দেশব্যাপী একই সঙ্গে অবরোধ-হরতাল কর্মসূচির প্রস্তাব রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আবারও কর্মসূচি দেওয়া হবে। দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রত্যাশা অনুযায়ীই কর্মসূচি আসবে। তিনি আরও বলেন, হামলা-মামলা-গ্রেফতার-নির্যাতন উপেক্ষা করে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ আজ রাস্তায় নেমে এসেছে। সরকার একতরফা নির্বাচনের যতই চেষ্টা করুক এবার আর তা হতে দেওয়া হবে না। আন্দোলনের মাধ্যমেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। গণতন্ত্রকামী মানুষের বিজয় সুনিশ্চিত।
