২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশু এবং দীর্ঘমেয়াদি হৃদ্রোগ, ফুসফুস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা আগামী বছরের হজে যেতে পারবেন না। স্নায়বিক রোগ, গুরুতর মানসিক অসুস্থতা ও ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরাও হজ পালনের জন্য অযোগ্য বিবেচিত হবেন।
কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ক্যানসার রোগীদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এ ছাড়া জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগ, যেমন যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিরাও যেতে পারবেন না।
গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী এবং উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদেরও হজের জন্য ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না।
হজের প্রাথমিক নিবন্ধনের সময় প্রশিক্ষণ ও টিকাদানের জন্য জেলা, হজের ধরন ও প্যাকেজ নির্বাচন করতে হবে। হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে।
২৭ জুলাই থেকে শুরু হওয়া প্রাথমিক নিবন্ধন শেষে বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুকদের চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
/শান্ত/
