গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
শিক্ষকদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ১০০ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে বিশেষ সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নীতিমালা অনুযায়ী, সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষক নগদ এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ পাবেন। প্রতিবছর ৫ অক্টোবর সারাদেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে। উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে একযোগে দিবসটি পালিত হবে।
১০০ শিক্ষকের মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিকে ২০, কলেজে ২৫, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ এবং বিশেষায়িত ও অন্যান্য প্রতিষ্ঠানের ২০ জন থাকবেন। এছাড়া প্রধানমন্ত্রী নির্বাচিত পাঁচজন শিক্ষকও সম্মাননা পাবেন।
প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার পাশাপাশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এ সম্মাননার আওতায় থাকবেন।
গুণী শিক্ষক বাছাইয়ে সংশ্লিষ্ট অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের কমিটি প্রতিটি ক্যাটাগরিতে তিনজন করে প্রার্থীর প্যানেল তৈরি করবে। পরে জাতীয় স্টিয়ারিং কমিটি চূড়ান্ত অনুমোদন দেবে। বিশেষ প্রয়োজনে সম্মাননার স্তর ও সংখ্যা পরিবর্তনের ক্ষমতাও থাকবে স্টিয়ারিং কমিটির।
নীতিমালায় দিবসটির তিনটি প্রধান উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে—ইউনেস্কোর প্রতিপাদ্যের আলোকে দিবসটি উদযাপন, সমাজে শিক্ষকদের অবদান তুলে ধরা এবং গুণী শিক্ষকদের সম্মাননার মাধ্যমে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা জানানো।
/শান্ত/
