ইংরেজিতে সাক্ষাৎকারে হঠাৎ চীনা ভাষা বললেন এআই অভিনেত্রী!
ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিচ্ছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ভার্চুয়াল অভিনেত্রী টিলি নরউড। সবকিছু ঠিকঠাকই চলছিলো। হঠাৎ করেই ১টি প্রশ্নের উত্তরে ইংরেজির বদলে চীনা (মান্দারিন) ভাষায় কথা বলা শুরু করেন তিনি। এতে বিস্মিত হয়ে যান ব্রিটিশ সম্প্রচারক পিয়ার্স মরগান ও স্কটিশ মঞ্চ অভিনেতা টম কন্টি।
ঘটনাটি ঘটে টিলির আসন্ন সিনেমা ‘মিসঅ্যালাইন্ড’ নিয়ে আলোচনার সময়। টম কন্টি টিলিকে প্রশ্ন করেন, সিনেমায় তার সঙ্গে অভিনয় করা অন্য অভিনেতারা বাস্তব মানুষ, নাকি কম্পিউটার-নির্মিত চরিত্র।
উত্তরে টিলি বলেন, এটি একটি আকর্ষণীয় বিষয়, টম। আমার সিনেমা ‘মিসঅ্যালাইন্ড’ একটি হাইব্রিড প্রযোজনা। বাস্তব পরিচালক, চিত্রনাট্যকার ও সম্পাদকরা এখনও এতে সক্রিয়ভাবে যুক্ত। বিষয়টি কাউকে সরিয়ে দেওয়ার নয়, বরং গল্প বলার নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা।
এরপর সিনেমাটি কীভাবে তৈরি হয়েছে, তা ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ ইংরেজির বদলে মান্দারিন ভাষায় কথা বলতে শুরু করেন টিলি। আকস্মিক এই ভাষা পরিবর্তনে পিয়ার্স মরগান ও টম কন্টি দুজনকেই বেশ বিভ্রান্ত দেখায়।
// ইমরান//
