নতুন পে স্কেলে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মিলবে যে সুবিধা
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন। সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে। ফলে দুই সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন হলে মাসে মোট ৬ হাজার টাকা ভাতা পাওয়া যাবে।
নতুন এই সুবিধা এবারই প্রথম চালু হচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মা বা বাবার ব্যাংক হিসাবে ভাতার টাকা দেওয়া হবে। তবে একই সন্তানের জন্য একাধিক সরকারি ভাতা একসঙ্গে নেওয়া যাবে না।
শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর গেজেটে এ সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। দুইয়ের বেশি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলেও সর্বোচ্চ দুই সন্তানের জন্যই ভাতা দেওয়া হবে।
নতুন বেতনকাঠামোর আওতায় প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সোয়া ৯ লাখ পেনশনভোগী সুবিধা পাবেন। সরকারি চাকরিজীবীদের মধ্যে কতজনের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে, তার সুনির্দিষ্ট তথ্য বর্তমানে নেই। তবে এই তথ্য আইবাসে অন্তর্ভুক্ত করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থলের মন্ত্রণালয় বা দপ্তর সন্তানের বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ার বিষয়টি যাচাই করবে। চাকরিজীবী যত দিন চাকরিতে থাকবেন, তত দিন এ ভাতা পাওয়ার সুযোগ থাকবে।
ভাতা পেতে প্রয়োজনীয় সনদ, আবেদন ও যাচাইয়ের বিস্তারিত প্রক্রিয়া সংশ্লিষ্ট দপ্তরের বিধি অনুযায়ী নির্ধারণ করা হবে।
/শান্ত/
