কুটনৈতিক তৎপরতা বাড়াছে বিএনপি
একদিনে দিন দেশের সঙ্গে বৈঠক, আগস্ট-সেপ্টেম্বরে ১৪
প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৪, ৭:০৩:৫৩
এক দিনে তিন দেশের রাষ্ট্রদুতের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস ও নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুলব্র্যান্ডসেন এবং ডেনিশ দূতাবাস ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেনের সঙ্গে বৈঠকে করেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি। গতকাল রোববার সকাল ৯টা ২০ মিনিট গুলশানে সুইডিশ রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে আগস্ট ও সেপ্টেম্বরে দুই মাসেরও কম সময়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদুতের সঙ্গে অন্তত ১৪ টি বৈঠক করেছে বিএনপি। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আবার বিএনপির কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে- আগস্টে ৯ টি এবং সেপ্টেম্বরে ৫ টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাসিনা সরকার পতনের পর কোরিয়া, ভারত, অস্ট্রেলিয়া, ইরান, রাশিয়ার, যুক্তরাজ্যে, পাকিস্তান, সুইজারল্যান্ড, চীনের রাষ্ট্রদুত এবং ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে। চলতি মাসের ৬ অক্টোবর একদিনে বৈঠক করে তিন দেশের সঙ্গে। এছাড়া এরআগে হাসিনা সরকারের পতনের পর ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের দেখতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এসব দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সেসব দেশের সঙ্গে পারস্পারিক সম্পর্কের আরো উন্নতি হচ্ছে এবং ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি আসছে।
গত ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে ভারত যাওয়ার পর ৮ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের চায়ের দাওয়াতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দিন বেলা ১১ মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাফেভের গুলশান বাসভবন চায়ের দাওয়াতে যান মির্জা ফখরুল। যদিও এই বিষয়ে বিস্তারিক কিছু জানা যায়নি।
গত ২৪ সেপ্টেম্বর কোরিয়া, ২২ সেপ্টেম্বর ভারত, ১১ সেপ্টম্বর অস্ট্রেলিয়া, ৮ সেপ্টেম্বর ইরান, ৪ সেম্পেম্বর খালেদা জিয়াকে দেখতে যান ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের। এর আগে ২৯ আগস্ট বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার, ২৬ আগস্ট যুক্তরাজ্যের, ২৩ আগস্ট পাকিস্তান, ২২ আগস্ট সুইজারল্যান্ড, ২১ আগস্ট চীন, ১৯ আগস্ট ইউরোপীয় ইউনিয়ন, ১৩ আগস্ট জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক মানের তদন্ত দাবি, ৯ আগস্ট জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মিলিত হয় বিএনপি।
গত ২৪ সেপ্টেম্বর বিকাল ৪টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। ঘন্টাব্যাপী এই সাক্ষাতের সময়ে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাজভীরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সাক্ষাতের পর আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, ‘‘ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এগুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। আমরা খোলাখুলিভাবে কথা বলেছি। বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, ছাত্র-জনতার যে বিপ্লব সেই বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন নিয়ে আলাপ হয়েছে।”
গত ২২ সেপ্টেম্বর বিকেলে ৪ টা গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এসময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন। বৈঠকের পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘‘বাংলাদেশের সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক আরও কিভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সাথে বাংলাদেশের আমরা সেগুলো তুলে ধরেছি।”
গত ১১ সেপ্টেম্বর গুলশানে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন সঙ্গে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে অংশ নেন অস্ট্রেলিয়া হাইকমিশনের ডিপুটি হেড অব মিশন ক্লিনটন পোবকে ও প্রথম সচিব লারা অ্যাডামস। ৮ সেপ্টেম্বর ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশির সঙ্গে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল।
এর আগে ৪ সেপ্টেম্বর গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যর হাইকমিশনার সাহার কুক।
২৯ আগস্ট রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বৈঠক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। অস্ট্রেলিয়া, ইরান ও রাশিয়ার সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।
২৬ আগস্ট যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা। এতে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল।
ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দ্বি-পাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও আসছে। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য এবং এর বাইরেও যে সম্পর্কগুলো আছে, সেগুলোকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে নিয়ে আলোচনা হয়েছে।
২৩ আগস্ট গুলশানে পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন শামা ওবায়েদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা করেছি। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য অর্থনৈতিক সবকিছু আলোচনায় এসেছে। আমাদের সকলের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে একে অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলোচনা হয়েছে। আঞ্চলিক সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আমাদের পুরো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কী করতে পারি, পুরো অঞ্চল নিয়ে আলোচনা হয়েছে।’
২২ আগস্ট গুলশানে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে বিএনপির বৈঠক হয়। বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধি করা নিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড। তিনি বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য যা দরকার, তা নিয়ে তারা সহযোগিতা করবে।
২১ আগস্ট চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের বৈঠকটি অনেক গুরুত্বপূর্ণ। বৈঠকে স্পষ্ট করে বলেছেন, তারা (চীন) আধিপত্যবাদে বিশ্বাস করেন না। বাংলাদেশের ভূ-রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন বাংলাদেশের জনগণের পাশে থাকবে। এই প্রতিশ্রুতি তারা আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৯ আগস্ট গুলশানে বিএনপির সঙ্গে ইইউয়ের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়র বৈঠক হয়। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছে বিএনপি। এ ব্যাপারে ইইউয়ের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।
কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক মানের তদন্ত চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। ১৩ আগস্ট রাজধানীর গুলশানের জাতিসংঘের কার্যালয়ে এই চিঠি দেওয়া দেওয়া হয়।
৯ আগস্ট গুলশানে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চেীধুরী বলেছেন, আজকে বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন হয়েছে। আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এর সঙ্গে দেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভালো সমর্থন ছিল। বিশেষ করে জাতিসংঘের। তাদের বড় ধরনের সমর্থন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে।
৮ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের চায়ের দাওয়াতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
