অবসরের পর মায়ামির মালিকানায় আসতে পারেন মেসি
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে বড় পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পরও তাঁকে নিজেদের সঙ্গে রেখে দিতে চায় ক্লাবটি। মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ হলো ২০২৮ সাল পর্যন্ত। এরপরও তাঁকে মাঠ ও মাঠের বাইরে ক্লাবের অংশ হিসেবে দেখতে চায় তারা।
২০২৩ সালে মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পর ইন্টার মায়ামির চেহারা বদলে যায়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্লাবের বাণিজ্যিক মূল্যও বাড়ে অভাবনীয়ভাবে। বর্তমানে মেসিকে দলে রাখতে প্রতি বছর ক্লাবটির কতো খরচ হয়, সেই হিসাবও সামনে এসেছে। চুক্তির সব মিলিয়ে তাঁর পেছনে বছরে ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার খরচ হতো ক্লাবটির। তবে তাঁর উপস্থিতির কারণে ২০২৬ সালে ক্লাবটির আর্থিক মূল্যায়ন দাঁড়িয়েছে ১ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে। বার্ষিক আয় প্রায় ২০০ মিলিয়ন ডলার।
মেসি খেলা ছাড়ার পরও তাঁকে ক্লাবের সঙ্গে যুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির ব্যবসায়িক কার্যক্রমের সভাপতি জাভিয়ের আসেনসি। তিনি জানান, অবসরের পর মেসিকে ক্লাবের মালিকানার অংশীদার করার পরিকল্পনাও রয়েছে তাঁদের। এমএলএস-এর নিয়মের কারণে খেলোয়াড় থাকা অবস্থায় মালিকানা নেওয়ার সুযোগ না থাকলেও, অবসরের পর সেই পথ উন্মুক্ত হতে পারে।
জাভিয়ের আসেনসি বলেন, "মেসি যখন পেশাদার ফুটবল থেকে অবসর নেবেন, তখন ইন্টার মায়ামিতে তাঁর সময় ও ভূমিকার জন্য একটি জায়গা রাখতে চায় ক্লাব। খেলোয়াড় থাকা অবস্থায় এমএলএস-এর নিয়মের কারণে মালিকানা নেওয়ার সুযোগ না থাকলেও অবসরের পর সেই পথ খুলে যেতে পারে।"
নতুন স্টেডিয়াম তৈরি, ক্লাবের বাণিজ্যিক প্রসার এবং যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে মেসির ব্র্যান্ড মূল্যকে ব্যবহার করতে চায় মায়ামি। অবসরের আগের পরিকল্পনা ছাড়াও খেলোয়াড় হিসেবেও মেসিকে আরও বেশি সময় পেতে চায় তারা। ২০২৮ সালের পর আরও দুই মৌসুম তাঁকে মাঠের ফুটবলার হিসেবে খেলানোর পরিকল্পনাও রয়েছে ক্লাবটির।
//আইই//
