একাই ২৮ দলের চেয়ে বেশি আয় করছেন মেসি
২০২৬ মৌসুমে ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির গ্যারান্টিযুক্ত পারিশ্রমিক এমএলএসের ২৮টি দলের পুরো স্কোয়াড ব্যয়ের চেয়েও বেশি।
প্রকাশিত : ০৯ মার্চ ২০২৫, ১২:২৯:২৯
আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন লিওনেল মেসি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার তার বেতনও নতুন করে আলোচনায় এসেছে।
২০২৬ মৌসুমের জন্য প্রকাশিত এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের বেতন তালিকা অনুযায়ী, ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকার গ্যারান্টিযুক্ত পারিশ্রমিক ২ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৪৮ কোটি টাকার বেশি।
নতুন চুক্তিতে মেসির মূল বেতন ধরা হয়েছে ২ কোটি ৫০ লাখ ডলার। এই অঙ্ক এমএলএসের ৩০টি দলের মধ্যে ২৮টি দলের পুরো স্কোয়াডের মোট বেতন ব্যয়ের চেয়েও বেশি।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, মেসি বর্তমানে এমএলএসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিনের তুলনায়ও তিনি দ্বিগুণের বেশি আয় করছেন।
২০২৩ সালে ফরাসি ক্লাব পিএসজি ছাড়ার পর ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। সে সময় তার গ্যারান্টিযুক্ত বার্ষিক পারিশ্রমিক ছিল ২ কোটি ৪ লাখ ডলারের কিছু বেশি। পরে গত অক্টোবরে ২০২৮ মৌসুম পর্যন্ত নতুন চুক্তিতে সম্মত হন তিনি।
মেসির আগমনের পর এমএলএসের জনপ্রিয়তা, জার্সি বিক্রি ও দর্শক আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত মৌসুমে তিনি ইন্টার মায়ামিকে প্রথম এমএলএস শিরোপা জিততে সহায়তা করেন।
