সাফের প্রথম দিনেই ভারত-পাকিস্তান মহারণ, ভুটান দিয়ে বাংলাদেশের শুরু
সংগৃহীত ছবি
ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে বাংলাদেশ। আগামী ৫ নভেম্বর রাত ৮টায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিকরা। এবারের সাফের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার পল্টনের জাতীয় স্টেডিয়ামে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত সূচি অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে গড়াবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ লড়াই। ৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ‘বি’ গ্রুপের এই ম্যাচ দিয়েই শুরু হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ।
গত আগস্টে অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রাখা হয়েছিলো ভুটান ও শ্রীলঙ্কাকে। নতুন সূচি অনুযায়ী, ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচের পর ১১ নভেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটিও শুরু হবে রাত ৮টায়। এর আগে ৮ নভেম্বর একই গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান পরস্পরের বিপক্ষে খেলবে।
অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। উদ্বোধনী ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার পর ৮ নভেম্বর মালদ্বীপ খেলবে পাকিস্তানের বিপক্ষে। ১১ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ হবে মালদ্বীপ।
গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দু'টি করে দল সেমিফাইনালে উঠবে। ১৪ নভেম্বর বিকেল ৩টায় হবে প্রথম সেমিফাইনাল। সেখানে ‘এ’ গ্রুপের রানার্সআপ খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে। একই দিন রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্সআপ।
এরপর ১৭ নভেম্বর রাত ৮টায় অনুষ্ঠিত হবে ফাইনাল। এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ।
তবে প্রকাশিত সূচিটি এখনো পুরোপুরি চূড়ান্ত নয়। ফিফা'র নিষেধাজ্ঞার কারণে গত আগস্টের ড্রয়ে নেপালকে রাখা হয়নি। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে ‘এ’ গ্রুপে নেপালকে যুক্ত করা হবে। সেক্ষেত্রে ৪ নভেম্বর থেকে পুরো টুর্নামেন্টের নতুন সূচি প্রকাশ করা হবে।
ঘরের মাঠে সাফ জয়ের স্মৃতিও বাংলাদেশের জন্য বাড়তি অনুপ্রেরণা। ২০০৩ সালে সর্বশেষ নিজেদের মাঠে সাফের শিরোপা জিতেছিলো বাংলাদেশ। দীর্ঘ দুই দশক পর আবারও ঘরের মাঠে সেই সাফল্য ফিরিয়ে আনার সুযোগ লাল-সবুজ প্রতিনিধিদের সামনে।
