শচীনের রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড ব্রেন্ডন টেলরের
প্রায় এক যুগ পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলতে নেমেছে জিম্বাবুয়ে। আর এই ম্যাচেই বিশ্ব রেকর্ড গড়েছেন ব্রেন্ডন টেলর। শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে ওয়ানডেতে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের মালিক এখন জিম্বাবুয়ের এই তারকা ব্যাটার।
১৯৮৯ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত ওয়ানডে খেলেছিলেন শচীন। তার ক্যারিয়ারের ব্যাপ্তি ছিল ২২ বছর ৯১ দিন। প্রায় ১৪ বছর পর সেই রেকর্ড ভাঙলেন টেলর। ২০০৪ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিলো তার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গে তার ক্যারিয়ারের ব্যাপ্তি দাঁড়িয়েছে ২২ বছর ১৪৭ দিনে।
সিরিজের পরের দুই ম্যাচ খেললে টেলরের এই রেকর্ড আরও দীর্ঘ হবে। তবে দীর্ঘ ক্যারিয়ারের রেকর্ড হাতছাড়া হলেও ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ ও রানের রেকর্ড এখনো শচীনের দখলে। ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান করেছেন ভারতের কিংবদন্তি।
অন্যদিকে ৪০ বছর বয়সী ব্রেন্ডন টেলর এখন পর্যন্ত খেলেছেন ২০৮ ওয়ানডে। ১১ সেঞ্চুরি ও ৩৯ ফিফটিতে তার সংগ্রহ ৬ হাজার ৭০৪ রান। শচীনের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন টেলর। এখন দেখার, এই রেকর্ডকে তিনি আর কতটা লম্বা করতে পারেন।
/শান্ত/
