মিরাজদের হারিয়ে ফাইনালে কিংসম্যান
শিমরন হেটমায়ারের ঝোড়ো শতকও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ফাইনালে তুলতে পারেনি। দ্বিতীয় কোয়ালিফায়ারে জ্যামাইকা কিংসম্যানের কাছে ৬ উইকেটে হেরে সিপিএল থেকে বিদায় নিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গায়ানা।
প্রথমে ব্যাট করে হেটমায়ারের অপরাজিত ১০২ রানের ইনিংসে ভর করে ২০৬ রান করে গায়ানা। ৪৫ বলে সেঞ্চুরি পূর্ণ করা হেটমায়ারের ইনিংসে ছিল ৮ ছক্কা ও চার। শাই হোপ ৩৮ এবং কোয়েন্টিন স্যাম্পসন করেন ২৯ রান।
জবাবে মাআজ সদাকাত, কিচি কার্টি ও রোভম্যান পাওয়েলের ব্যাটে ৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় জ্যামাইকা। কার্টি ৪০ বলে ৫৬ রান করেন। শেষদিকে মাত্র ১৭ বলে অপরাজিত ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ ঘুরিয়ে দেন অধিনায়ক পাওয়েল।
জয়ের জন্য শেষ ২৯ বলে জ্যামাইকার প্রয়োজন ছিল ৫৫ রান। এরপর ক্যারি পিয়েরে ও শামার জোসেফের ওভারে একাধিক ছক্কা হাঁকিয়ে ম্যাচ নিজেদের করে নেন পাওয়েল। ম্যাচসেরা হন পাওয়েল ও হেটমায়ার।
গায়ানার হয়ে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ৪ ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। অভিষেক মৌসুমেই ফাইনালে উঠেছে জ্যামাইকা কিংসম্যান। রবিবার (২০ সেপ্টেম্বর) শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা ফ্যালকন্স।
/শান্ত/
