শুধু উদ্ভাবন নয়, বাজারেও নিতে হবে: বিজ্ঞানমন্ত্রী
জ্ঞানকে সমাধানে, গবেষণাকে পণ্যে এবং উদ্ভাবনকে অর্থনৈতিক ও সামাজিক মূল্যে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধু উদ্ভাবন করলেই হবে না; উদ্ভাবকদের অর্থায়ন, নীতিগত সহায়তা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব, মেধাস্বত্বের সুরক্ষা এবং বাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন।
মেলায় ১০০ জনের বেশি উদ্ভাবক এক হাজারেরও বেশি উদ্ভাবন প্রদর্শন করবেন। অংশ নেবে ৭৩টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাংক, করপোরেট ও শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থা।
/শান্ত/
