ইনস্টাগ্রামে নতুন নিয়ম, এআই ইনফ্লুয়েন্সারে লেবেল না দিলে বিপদ
এআই দিয়ে বানানো ইনফ্লুয়েন্সার ঠেকাতে এবার কঠোর হচ্ছে ইনস্টাগ্রাম। নতুন নিয়মে এআই দিয়ে তৈরি মানুষের চরিত্র ব্যবহার করা অ্যাকাউন্টে বাধ্যতামূলকভাবে দিতে হবে এআই-জেনারেটেড প্রোফাইল লেবেল। এই লেবেল ছাড়া অ্যাকাউন্ট চালালে কমে যেতে পারে পোস্টের রিচ বা দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ।
ইনস্টাগ্রাম জানিয়েছে, প্রয়োজনীয় লেবেল ব্যবহার না করা এই ধরনের অ্যাকাউন্টের রিচ সীমিত করা হতে পারে। কোনো নির্মাতা ভুলভাবে তার অ্যাকাউন্টের রিচ কমানো হয়েছে মনে করলে, অ্যাকাউন্ট স্ট্যাটাস থেকে আপিল করার সুযোগ থাকবে।
আগে নিয়মিত এআই কনটেন্ট প্রকাশ করা প্রোফাইলের জন্য এআই ক্রিয়েটর নামে একটি ঐচ্ছিক লেবেল ব্যবহার করা যেতো। এখন সেটির পরিবর্তে আসছে এআই-জেনারেটেড প্রোফাইল লেবেল। ইনস্টাগ্রামের বর্ণনা অনুযায়ী, যেসব প্রোফাইলে এআই দিয়ে তৈরি কোনো ব্যক্তিকে দেখানো হয়, মূলত সেসব অ্যাকাউন্টের জন্যই নতুন পরিচয়টি ব্যবহার করা হবে।
// ইমরান//
