বেসিস নির্বাচন: ২৬ সেপ্টেম্বরের তফসিল বাতিল
বেসিস নির্বাচন ঘিরে আবারও তৈরি হলো অনিশ্চয়তা। দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং সদস্য তালিকা যাচাই ও হালনাগাদ করে নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে বলা হয়েছে, এরই মধ্যে বেসিসের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের কাছে পাঠানো হয়েছে। গত ৩০ জুন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর বেসিস নির্বাচন হচ্ছে না।
চিঠিতে বলা হয়েছে, বেসিসের ২০২৬–২০২৮ মেয়াদি পরিচালনা পর্ষদ নির্বাচন উপলক্ষে গত ৩০ জুন ঘোষিত নির্বাচনি তফসিল বাতিল করা হয়েছে। বেসিসের আসন্ন নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে নতুন সদস্য অন্তর্ভুক্তিকরণ ও সদস্য তালিকা যথাযথভাবে যাচাই ও হালনাগাদ করা প্রয়োজন।
মন্ত্রণালয়ের পরামর্শক্রমে বেসিসের সদস্যদের সমন্বয়ে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন করে অবিলম্বে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।
প্রসঙ্গত, গত ২৭ জুন নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে হয়নি বেসিসের ২০২৬–২০২৮ মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচন। এরপর নির্বাচনের পুনঃতফসিল ও আচরণবিধি ঘোষণা করে সংগঠনটি।
তফসিল অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বেসিস নির্বাচনে প্রাথমিকভাবে ১১টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিলো। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গত ২৯ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকাও প্রকাশ করেছিলো বেসিস নির্বাচন বোর্ড।
//রুশা//
