হারপিক আনেন, আমি টয়লেট পরিষ্কার করবো: হাসপাতাল পরিচালককে কৃষিমন্ত্রী
হাসপাতালের টয়লেট ও আশপাশের নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। পরিদর্শনের সময় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের একটি অপরিচ্ছন্ন টয়লেট দেখে ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘হারপিক নিয়ে আসেন, আমি টয়লেট পরিষ্কার করবো।’ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুমেক হাসপাতাল পরিদর্শনকালে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
কৃষিমন্ত্রীর এমন মন্তব্যের পর হাসপাতালের পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান গণমাধ্যমকে বলেন, আমাদের ওয়ার্ড আছে ৪৭টি। সেই জায়গায় ক্লিনার আছে ১১ জন। ৬৩ জন আউটসোর্সিং কর্মচারীও নিয়োজিত আছেন। হাসপাতালের একেকটি ওয়ার্ডে বেডের তুলনায় তিনগুণ রোগী ভর্তি হয়। তাদের সঙ্গে তাদের ২-৩ করে স্বজনও হাসপাতালে অবস্থান করেন। সবাইকে ওয়াশরুম ব্যবহার করতে হয়। আমি আমার কর্মচারীদের কঠোর নির্দেশ দিয়েছি, যেন টয়লেটগুলো সুন্দরভাবে পরিষ্কার করা হয়।
//রুশা//
