বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ সাদপন্থীদের ৬ দফা দাবি
মঙ্গলবার (১৩ অক্টোবর) তাবলিগ জামাত বাংলাদেশের (মাওলানা সাদ অনুসারী) মিডিয়া সমন্বয়ক মো. সায়েমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে সম্প্রতি ‘ওলামা-মাশায়েখ বাংলাদেশ’ নাম ব্যবহার করে আয়োজিত সংবাদ সম্মেলনে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে। সাদপন্থীদের দাবি, সংবাদ সম্মেলনে অংশ নেওয়া ব্যক্তিরা তাবলিগ জামাতের প্রতিনিধিত্ব করেন না এবং তাদের বক্তব্য বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানকেন্দ্রিক সহিংসতা এবং বিভিন্ন সময়ে প্রাণহানির ঘটনাগুলোর নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন। সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও সাক্ষ্যপ্রমাণ যাচাই করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। ছয় দফা দাবির মধ্যে রয়েছে, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের ইজতেমা আয়োজনের তারিখ ঘোষণা, ময়দান ব্যবহারের অধিকার নিশ্চিত করা, তাবলিগের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক ও বহিরাগত হস্তক্ষেপ বন্ধ এবং বিভিন্ন জেলা ও থানার মার্কাজ মসজিদ নিয়ে বিরোধের আইনানুগ নিষ্পত্তি। এছাড়া দেশের মসজিদগুলোতে তাবলিগের নিয়মিত ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সরকারকে সব পক্ষের ন্যায্য অধিকার নিশ্চিত করে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ধর্মীয় পরিবেশ, শান্তি, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হয়েছে। /শান্ত/