ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা আজ
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট কবে থেকে শুরু হবে এবং কোন ধাপে কবে ভোট হবে, তা আজ সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিশন সভা করছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শুরু হয়। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ইসির উপসচিব শাহ্ আলম স্বাক্ষরিত চিঠি অনুযায়ী, সভার আলোচ্যসূচিতে রয়েছে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন এবং ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণ। এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ এবং পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড ছাপানো, বকেয়া বিল পরিশোধ ও নতুন চুক্তি নিয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করা হবে। সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদনসহ বিবিধ বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে রবিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের সভায় ইউপি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হবে। একই সঙ্গে নির্বাচন কতটি ধাপে বা স্লটে হবে, তা-ও ঘোষণা করা হবে।
/শান্ত/
