স্বাস্থ্য কেন্দ্রে হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: ডিএনসিসি প্রশাসক
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) মহাখালীর কড়াইল টিএনটি খেলার মাঠে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
শফিকুল ইসলাম খান জানান, ঘটনার খবর পেয়ে তিনি শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুলিশের উপকমিশনারের সঙ্গে কথা বলেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে। বিভিন্ন ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। তারা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ওষুধ, ভ্যাকসিন, চিকিৎসা সরঞ্জাম, নগদ টাকা ও বিভিন্ন মালপত্র লুট করে বলে প্রতিষ্ঠানটির দাবি। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
/শান্ত/
