‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে শনিবার (৩ অক্টোবর) ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ শুরু হচ্ছে। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই আন্তর্জাতিক সংলাপ চলবে টানা তিন দিন। শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন হিসেবে বিওবিসি ইতোমধ্যে আঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ একটি মঞ্চে পরিণত হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, এবারের অনুষ্ঠানে প্রায় ২০০ জন বক্তা থাকবেন। সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এতে অংশ নেবেন।
শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সিজিএসের সভাপতি ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান।
তিনি জানান, এবারের কর্মসূচি পাঁচটি কৌশলগত স্তম্ভের ওপর সাজানো হয়েছে। এগুলো হলো—পরিবর্তনশীল ক্ষমতার রাজনীতি: ভূরাজনীতি, নিরাপত্তা ও কৌশলগত প্রতিযোগিতা; প্রযুক্তির নতুন দিগন্ত: কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার স্পেস ও তথ্যের ক্ষমতা; অর্থনীতির নতুন ভূগোল: বাণিজ্য, সংযোগ ও প্রবৃদ্ধির নতুন বাস্তবতা; জলবায়ু, স্থিতিস্থাপকতা ও মানব নিরাপত্তা এবং আস্থা, গণতন্ত্র ও সুশাসনের ভবিষ্যৎ।
এবারের সংলাপের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’। বাংলায় এর ভাবার্থ—‘পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা’।
জিল্লুর রহমান বলেন, এবার ‘বিওবিসি স্পটলাইট’ নামে একটি পর্বও থাকছে। এতে প্রচলিত প্যানেল আলোচনার বাইরে বক্তারা নিজেদের পছন্দের কোনো ধারণা বা বিষয় তুলে ধরার সুযোগ পাবেন। ভূরাজনীতি ও সংঘাত থেকে সমুদ্র, নেতৃত্ব, আধ্যাত্মিকতা, হাস্যরস এবং মানুষের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা—বিভিন্ন বিষয় এতে উঠে আসবে।
// ইমরান//
