জরিমানা ছাড়াই গাড়ি-বাইকের কাগজ হালনাগাদের সুযোগ
মোটরসাইকেল ও গাড়ির মালিকদের জরিমানা ছাড়াই প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত শুধু মূল কর ও প্রযোজ্য ফি জমা দিয়ে মেয়াদোত্তীর্ণ কাগজপত্র হালনাগাদ করা যাবে।
বিআরটিএর জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সুযোগের আওতায় ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে। ফলে মেয়াদ শেষ হয়ে যাওয়া গাড়ি ও মোটরসাইকেলের মালিকেরা নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা ছাড়াই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
এদিকে গাড়ি বা মোটরসাইকেল বিক্রির পর নতুন মালিকের নামে মালিকানা পরিবর্তন না করলে পুরোনো মালিককে আর্থিক দায় বহন করতে হতে পারে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী, যানবাহন বিক্রির পর মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক।
বিআরটিএ জানিয়েছে, মালিকানা পরিবর্তন না হলে সংশ্লিষ্ট গাড়ির অগ্রিম আয়কর এবং প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত অগ্রিম আয়কর ও পরিবেশ সারচার্জের দায় পুরোনো মালিকের ওপর পড়তে পারে।
মালিকানা পরিবর্তনের আবেদন অনলাইনেও করা যাচ্ছে। বিআরটিএ সার্ভিস পোর্টালের মাধ্যমে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের সুযোগ রয়েছে। এই ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতার প্রয়োজনীয় ফরম, ফি জমার রশিদ এবং মোটরযানের সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হয়।
/শান্ত/
