শাহজালালে ৮৬ সৌদিগামী ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ ও বিঘ্ন সৃষ্টির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিগামী ৮৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এতে করে সাড়ে ১৩ হাজারেরও বেশি প্রবাসী ও সাধারণ যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো এক বার্তায় বুধবার (১৪ অক্টোবর) এই তথ্য জানানো হয়। বেবিচক জানায়, স্থগিত বা বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৩৬টি সরাসরি এবং বাকি ৫০টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে সরাসরি চলাচলকারী ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি এবং সৌদিয়া এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবগামী ট্রানজিট ফ্লাইটগুলোও বড় ধরনের বিঘ্নতার মুখে পড়েছে। এর মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, এমিরেটস এয়ারলাইন্সের ১১টি, কাতার এয়ারওয়েজ ও ফ্লাই দুবাইয়ের ছয়টি করে, সালাম এয়ারের চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে। আকস্মিক এই সিদ্ধান্তের ফলে অনেক যাত্রী বিমানবন্দরে এসে আটকা পড়েন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ফ্লাইটের সময়সূচি পুনর্বিন্যাস ও টিকিটের তারিখ পরিবর্তনের বিষয়ে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
//আইই//
