ডেমরায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
রাজধানীর ডেমরায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে তুলা মিয়া (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বামৈল এলাকার একটি রিকশার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তুলা মিয়া শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শহর আলীর ছেলে। তিনি পরিবারের সদস্যদের নিয়ে বামৈল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানিয়েছে, বিদ্যুতায়িত হওয়ার পর অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
/এমএএইচ/
