৪০০ পরিবারের পাশে রাশমিকা
দক্ষিণ ভারতের ৪০০ পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ বহনের দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘প্রজেক্ট অন্নপূর্ণা’ নামের একটি মানবিক উদ্যোগের আওতায় আগামী ১ বছর পরিবারগুলোর পাশে থাকতে চান তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এই উদ্যোগের কথা জানান রাশমিকা। তিনি বলেন, প্রতি ৩ মাসে ৪০০টি পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ বহন করবেন। এতে পরিবারগুলো মুদি পণ্যের পেছনে ব্যয় হওয়া অর্থ সঞ্চয় করতে পারবে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগ দেওয়ার সুযোগ পাবে বলে আশা তার।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি পরিবারের জন্য থাকছে ৭৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৩ কেজি রাগি, ১০ লিটার রান্নার তেল, ১৫ কেজি ডাল, ৩ কেজি চিনি ও ৩ কেজি লবণ। পাশাপাশি দেওয়া হবে বিভিন্ন মসলা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
নিজের নতুন সিনেমা ‘রানাবালি’র জয়াম্মা চরিত্রের প্রসঙ্গ টেনে রাশমিকা জানান, অভিনীত চরিত্র অনেক সময় শিল্পীর ব্যক্তিজীবনেও প্রভাব ফেলে। তবে মানবিক কাজ তার স্বভাবেরই অংশ। আগে এসব উদ্যোগের কথা প্রকাশ্যে আনেননি তিনি। এবার অন্যদের ভালো কাজে উৎসাহিত করার আশায় বিষয়টি সামনে এনেছেন।
রাশমিকার ভাষায়, ‘ছোট্ট একটি ভালো কাজও কারও জীবনে পরিবর্তন আনতে পারে। এর জন্য বড় কিছু করার প্রয়োজন নেই। চলুন, ছোট কিছু দিয়ে শুরু করি।’
/শান্ত/
