মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের উদ্যোগে গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি বাংলাদেশ যাচাই-বাছাই করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, মক্কা প্যাক্টের বিষয়ে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ যেকোনো মাল্টিল্যাটারাল বডিতে অংশগ্রহণ করার আগে বর্তমানে যে ফরেন পলিসি, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে আগে যাচাই-বাছাই করবে। এই প্যাক্টে যুক্ত হলে বাংলাদেশের কী সুবিধা, বাংলাদেশের মানুষের কী সুবিধা—সেটা চিন্তা করেই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে।
‘এই চুক্তিতে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কি না’, প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু পাইনি। সেটা দেখা যাবে। সেটা তো উন্মুক্ত আছে। সময় লাগবে, পর্যালোচনা হবে, তারপর বাংলাদেশ সিদ্ধান্ত নেবে।
