এসএসসি-এইচএসসি ২০২৭: ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ আরও নির্ভুল ও সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ত্রুটিমুক্ত শিক্ষক ডাটাবেইজ তৈরির উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এই লক্ষ্যে বোর্ডের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের শিক্ষকদের ‘ইলেকট্রনিক টিচার ইনফরমেশন ফর্ম’ বা ই-টিআইএফ (eTIF) সংশোধনের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতি বছর ই-টিআইএফ-এর তথ্য হালনাগাদ না থাকার কারণে প্রধান পরীক্ষক এবং পরীক্ষক নিয়োগের ক্ষেত্রে নানা ধরনের জটিলতা তৈরি হয়। এই ধরনের জটিলতা এড়াতে এবার আগেভাগেই ডাটাবেইজ হালনাগাদের প্রস্তুতি শুরু করেছে বোর্ড প্রশাসন।
নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষক ইতোমধ্যে অবসরে গেছেন, মৃত্যুবরণ করেছেন, অন্য প্রতিষ্ঠানে বদলি হয়েছেন, চাকরি ছেড়ে দিয়েছেন বা কালো তালিকাভুক্ত হয়েছেন, তাঁদের নাম ই-টিআইএফ থেকে দ্রুত বাদ দিতে হবে। একই সঙ্গে বর্তমানে যারা শুধু খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন, তাঁদের নামও ডাটাবেইজ থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড জানিয়েছে, সরাসরি ঢাকা বোর্ড থেকে এই ডাটাবেইজ সংশোধনের কোনো সুযোগ নেই, তাই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেই সম্পূর্ণ নিজ দায়িত্বে এই সংশোধনী সম্পন্ন করতে হবে।
অন্যদিকে, যেসব যোগ্য শিক্ষকের তথ্য এখন পর্যন্ত ই-টিআইএফ ডাটাবেইজে অন্তর্ভুক্ত করার সুযোগ হয়নি, তাঁদের নাম ও প্রয়োজনীয় তথ্যও জরুরি ভিত্তিতে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
