মাধ্যমিকের সব শিক্ষককে সাইবার প্রশিক্ষণের নির্দেশ মাউশির
মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ছয়টি মডিউলের প্রশিক্ষণ শেষ করে অনলাইন থেকে সনদ ডাউনলোড করতে হবে।
শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এ প্রশিক্ষণ চালু করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ইন্টারেকটিভ প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করতে হবে। এর জন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম থেকেই পুরো কার্যক্রম সম্পন্ন করা যাবে।
/শান্ত/
