বৃদ্ধ মা-বাবার নিরাপত্তা নিশ্চিত করতেই সম্পত্তি হস্তান্তর বিল: চিফ হুইপ
চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বৃদ্ধ মা-বাবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতেই জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর বিল পাস করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
চিফ হুইপ বলেন, সন্তানকে সম্পত্তি দান বা হস্তান্তর করলেও মৃত্যুর আগ পর্যন্ত ওই সম্পদের ভোগদখলের অধিকার মা-বাবার থাকবে। সন্তান সম্পদ পাওয়ার পর যাতে তাদের বৃদ্ধাশ্রমে পাঠাতে বা অসহায় অবস্থায় ফেলে দিতে না পারে, সে লক্ষ্যেই আইনটি করা হয়েছে।
নূরুল ইসলাম বলেন, বিরোধীদলের সদস্যরা শরিয়া আইনের কথা বলে বিলটির বিরোধিতা করেছেন। তাদের নির্বাচনি ইশতেহারে শরিয়া আইন চালুর ঘোষণা ছিলো না। বৃদ্ধ মা-বাবার সুরক্ষায় প্রণীত আইনের বিরোধিতা দুঃখজনক।
/শান্ত/
