অপরাজিতা ফুলে বানিয়ে ফেলুন নীল ভাত
সাধারণ ভাতের বদলে খাবারের টেবিলে আনতে পারেন দারুণ এক চমক-অপরাজিতা ফুলের নীল ভাত। নীল রঙের এই ফুলের নির্যাসে সহজেই ভাত বা পোলাওয়ে আনা যায় আকর্ষণীয় রং। অতিথি আপ্যায়ন কিংবা বিশেষ দিনে এটি হতে পারে ব্যতিক্রমী একটি পদ।
যা লাগবে
* পোলাও বা বাসমতি চাল ১ কাপ
* তাজা নীল অপরাজিতা ফুল ১০–১৫টি
* লবণ স্বাদমতো
* ঘি বা তেল ১ চা চামচ
* প্রয়োজনমতো পানি
যেভাবে রান্না করবেন
প্রথমে ফুলগুলো ভালোভাবে ধুয়ে ভেতরের সবুজ অংশ ফেলে দিন। এরপর সামান্য গরম পানিতে ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখুন। পানি গাঢ় নীল হয়ে এলে ফুলগুলো ছেঁকে নিন।
অন্যদিকে চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পাত্র বা রাইস কুকারে চাল দিয়ে তাতে অপরাজিতার নীল নির্যাস, পরিমাণমতো লবণ ও সামান্য ঘি দিন। প্রয়োজনমতো পানি দিয়ে স্বাভাবিক নিয়মে ভাত রান্না করুন।
চাল সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রাখুন। এতে ভাত ঝরঝরে হবে এবং তৈরি হবে আকর্ষণীয় নীল ভাত।
এই ভাত মাছ, মাংস কিংবা সবজির বিভিন্ন পদের সঙ্গে পরিবেশন করা যায়।
টিপস: আরও গাঢ় নীল রং চাইলে ফুলের নির্যাস একটু ঘন করে ব্যবহার করুন। তবে পানি খুব বেশি গরম না হওয়াই ভালো।
/শান্ত/
