প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় পিরোজপুরের কাউখালীতে তোলপাড়ের মধ্যেই পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে বরিশাল জোনে সংযুক্ত করা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদারের লক্ষ্যে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় কাউখালী উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কনফারেন্স সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়। বক্তব্য শুরুর মাত্র এক মিনিটের মাথায় মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ ফিরে আসে। তবে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকায় এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) অফিস আদেশে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আলতাপ হোসেনকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ড বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জিএম মো. কামরুজ্জামান।
ইউএনও রাইসুল ইসলাম বলেন, ‘আমি আগেই পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি জানিয়েছিলাম। তারপরও প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়।’ তিনি আরও বলেন, কমিউনিকেশন গ্যাপের কারণে এটা হয়েছে বলে মনে হচ্ছে।
এই ঘটনায় কামরুজ্জামান বলেন, ‘আমাদের কর্মচারীদের ধারণা ছিলো, ইউএনও অফিসেই মনে হয় মিটিং হচ্ছে এ জন্য লাইন বন্ধ করেছিলো। লাইন বন্ধ করলে মিটিং স্থানেও বিদ্যুৎ বন্ধ হয়ে যায়।’ তার ধারণা, এ কারণেই জিএমকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।
//রুশা//
