আড়াইটায় ইসির বৈঠক
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এতে সভাপতিত্ব করবেন।
বৈঠকে নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি এবং ভোটার ও নির্বাচনী কার্যক্রমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় নিয়ে আলোচনা হতে পারে।
এতে মন্ত্রিপরিষদ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, আইন, পররাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, বিটিআরসি, বিএফআইইউ, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, সশস্ত্র বাহিনী বিভাগ, ডিজিএফআই, এনএসআই ও এনটিএমসির প্রতিনিধিরাও থাকবেন।
ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের কথা রয়েছে।
/শান্ত/
