সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম তিন অধিবেশনে ৬০ কার্যদিবসে ব্যয় হয়েছে প্রায় ৭০৩ কোটি টাকা। অর্থাৎ, এক মিনিট সংসদ চললে সরকারের খরচ হচ্ছে গড়ে ৩ লাখ ৫৬ হাজার ৮২৫ টাকা। সে হিসাবে প্রতি সেকেন্ডে ব্যয় প্রায় ৫ হাজার ৯৪৭ টাকা।
প্রতিদিনের বাংলাদেশ এক প্রতিবেদনে প্রকাশ করে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘পার্লামেন্ট ওয়াচ’ গবেষণায় একাদশ জাতীয় সংসদের প্রথম ২২টি অধিবেশনে প্রতি মিনিটের গড় পরিচালন ব্যয় ছিলো ২ লাখ ৭২ হাজার ৩৬৪ টাকা। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মূল্যস্ফীতির প্রভাব সমন্বয় করলে তা দাঁড়ায় ৩ লাখ ৫৬ হাজার ৮২৫ টাকা।
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন চলে ১২ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২৫ কার্যদিবস। দ্বিতীয় বা বাজেট অধিবেশন ৭ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ২৬ কার্যদিবস এবং তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নয় কার্যদিবস চলে।
অধিবেশন শুরুর-শেষের সময় ও বিরতি বিবেচনায় গড়ে প্রায় ৫ ঘণ্টা ৪৭ মিনিট হিসেবে তিন অধিবেশনে মোট ১৯ হাজার ৭০০ মিনিট সংসদ চলেছে। এতে ব্যয় দাঁড়ায় প্রায় ৭০২ কোটি ৯৫ লাখ টাকা।
এর মধ্যে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৪০ ঘণ্টা ১৪ মিনিটের আলোচনায় ব্যয় হয়েছে প্রায় ৮৬ কোটি ১৪ লাখ টাকা। আর বাজেটের সাধারণ আলোচনায় ৪৮ ঘণ্টা ৫১ মিনিটে ব্যয় হয়েছে প্রায় ১০৪ কোটি ৫৯ লাখ টাকা।
সংসদ বিষয়ক গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিজাম উদ্দিন আহমদ বলেন, আইন প্রণয়নে পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন। বিলের প্রতিটি ধারা ভালোভাবে পর্যালোচনা এবং সংসদীয় স্থায়ী কমিটিতে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকলে আরো কার্যকর ও টেকসই আইন প্রণয়ন সম্ভব।
জাতীয় সংসদের অবসরপ্রাপ্ত পরিচালক কামরুল ইসলাম বলেন, সংসদের বার্ষিক বাজেটকে শুধু অধিবেশনভিত্তিক ব্যয়ের সঙ্গে মিলিয়ে দেখলে প্রকৃত চিত্র পাওয়া যাবে না। নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, সম্প্রচার, বিদ্যুৎ ও অন্যান্য সেবার ব্যয়ও বিবেচনায় নিতে হবে। তবে কোন দপ্তরে কত টাকা এবং কোন অধিবেশনে কত ব্যয় হচ্ছে, তার সমন্বিত হিসাব এখনো হয়নি।
//রুশা//
