জেলায় জেলায় বিয়ে করা সাবেক ওসিকে নারীসহ ধরলেন ষষ্ঠ স্ত্রী
রাজশাহীতে একটি ফ্ল্যাটের দরজা ভেঙে এক পুলিশ কর্মকর্তা ও এক নারীকে বের করে থানায় নিয়ে গেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে নগরীর নাদের হাজির মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
ফ্ল্যাটের বাইরে থাকা আন্নি আক্তার নিজেকে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী দাবি করে জানান, বৃহস্পতিবার রাতে মাহবুব আলম ওই ফ্ল্যাটে যান। সেখানে আরেক নারীও ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি ফ্ল্যাটে গিয়ে দীর্ঘ সময় দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে ৯৯৯ নম্বরে ফোন করেন তিনি।
পুলিশ ঘটনাস্থলে গেলেও দরজা না খোলায় পরে ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে দেয়। ভেতর থেকে মাহবুব আলম ও এক নারীকে বের করে থানায় নেওয়া হয়। মাহবুব ওই নারীকে তার স্ত্রী দাবি করলেও এর পক্ষে কাবিননামা দেখাতে পারেননি।
আন্নির দাবি, চলতি বছরের শুরুতে মাহবুব তাকে বিয়ে করেন। মাহবুব বিভিন্ন জায়গায় একাধিক বিয়ে ও নারীর সঙ্গে সম্পর্কের কথা পরে জানতে পারেন। মাহবুব অবশ্য দাবি করেছেন, চার দিন আগে তিনি আন্নিকে তালাক দিয়েছেন এবং এ-সংক্রান্ত কাগজ পুলিশকে দিয়েছেন। আন্নি জানান, তিনি কোনো তালাকের কাগজ পাননি।
মাহবুব আলম ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি ছিলেন। পরে নওগাঁ জেলা পুলিশে কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। বর্তমানে তিনি সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত। কেন্দ্রটির কমান্ড্যান্ট জানিয়েছেন, কোনো অনুমতি বা ছুটি ছাড়াই তিনি রাজশাহীতে এসেছিলেন।
চন্দ্রিমা থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আন্নি থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
/শান্ত/
