পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু
নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। পে-স্কেলের খসড়া বুধবার বিজি প্রেসে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
বিজি প্রেস থেকে ছাপানো গেজেট অর্থ মন্ত্রণালয়ে যাবে। সেখান থেকে আইন মন্ত্রণালয়ে ভেটিং হয়ে আনুষ্ঠানিকভাবে এসআরও নম্বর পেয়ে প্রকাশ করা হবে।
নবম পে স্কেলের প্রজ্ঞাপন বৃহস্পতিবারের মধ্যে প্রকাশের ঘোষণা দিয়েছেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি। প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে কিছুটা দেরি হচ্ছে বলে জানান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার গণমাধ্যমকে জানান, ৬ সেপ্টেম্বর নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপন জারি করা হচ্ছে।
মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি জানান, নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থ মধ্যমেয়াদি বাজেট পরিকল্পনায় বিবেচনায় রাখা হয়েছিলো। ফলে এটি সরকারের জন্য হঠাৎ তৈরি হওয়া কোনো ব্যয় নয়।
সচিব জানান, সরকার প্রতিবছর শুধু এক বছরের বাজেট করে না। কয়েক বছরের সম্ভাব্য আয়-ব্যয়ের একটি হিসাবও করে। নতুন পে স্কেলের সম্ভাব্য ব্যয়ও সেই পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনায় ছিলো।
