পরিবারকে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
চট্টগ্রামের ফটিকছড়িতে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এই সময় প্রায় সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার, গাড়ি বিক্রির আড়াই লাখ টাকা, তিনটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল লুটের দাবি করেছে পরিবারটি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকার নুরুল আলম ফোরম্যান নতুন বাড়িতে এই ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের ভাষ্য, ১০ থেকে ১২ জনের একটি দল হাতুড়ি দিয়ে দরজার তালা ভেঙে ঘরে ঢোকে। পরে অস্ত্রের মুখে নারী-পুরুষসহ পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। একপর্যায়ে তারা স্বর্ণালংকার, নগদ টাকা, মুঠোফোনসহ মূল্যবান মালামাল নিয়ে চলে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফটিকছড়ি থানার ওসি জানান, অভিযোগ বা মামলা পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/শান্ত/
