নতুন পে স্কেলে বাড়ছে বেতন, আছে একাধিক দুঃসংবাদও
দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি হলেও স্বস্তির পাশাপাশি কিছু পরিবর্তন দুশ্চিন্তা বাড়াতে পারে। মূল বেতন বাড়লেও কমানো হয়েছে কয়েকটি ভাতার হার। আবার উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বার্ষিক ইনক্রিমেন্টের হারও কমানো হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপন জারি করে। নতুন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও বর্ধিত বেতন ধাপে ধাপে বাস্তবায়ন হবে।
নতুন পে স্কেলে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বাড়িভাড়া ভাতায়। ঢাকা সিটি করপোরেশন এলাকায় বর্তমান ৫০ থেকে ৬৫ শতাংশের পরিবর্তে ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। অন্যান্য সিটি করপোরেশন ও সাভারে ৪০ থেকে ৫৫ শতাংশের বদলে ৩০ থেকে ৫০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ৩৫ থেকে ৫০ শতাংশের বদলে ২৫ থেকে ৪৫ শতাংশ করা হয়েছে।
বাংলা নববর্ষ ভাতাও ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
এদিকে ২০তম থেকে ষষ্ঠ গ্রেডে ৫ শতাংশ ইনক্রিমেন্ট বহাল থাকলেও পঞ্চম গ্রেডে ৪ শতাংশ, চতুর্থ ও তৃতীয় গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ করা হয়েছে।
তবে শিক্ষাসহায়ক, কার্যভার, আপ্যায়ন, উৎসবসহ কয়েকটি ভাতা বহাল থাকছে। ঝুঁকি ভাতাসহ বিভিন্ন বিশেষ ভাতার পরিমাণ ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাবও রয়েছে।
//রুশা//
