স্মার্টফোন আরও সহজলভ্য করার উদ্যোগ, জানালেন অর্থমন্ত্রী
সংগৃহীত ছবি
দেশে সাশ্রয়ী মূল্যে ৪ থেকে ৫ হাজার টাকায় স্মার্টফোন পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ইতোমধ্যে সাশ্রয়ী দামে এই ধরনের স্মার্টফোন তৈরি শুরু হয়েছে বলে জানান তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ২.০’ শীর্ষক দলগত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এ আলোচনার আয়োজন করে। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদন শুরু হয়েছে। ৪ থেকে ৫ হাজার টাকায় স্মার্টফোন পাওয়া যাবে।
এতে কৃষক ও সাধারণ মানুষের প্রযুক্তি ব্যবহারের সুযোগ কতোটা তৈরি হলো তা উল্লেখ করে তিনি জানান, সাধারণ মানুষ এখন সহজেই আবহাওয়া, সারের পরিমাণ কিংবা বাজারদর জানতে পারছেন। এছাড়া ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও ঈমাম-পুরোহিতদের ভাতা ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনায় স্বয়ংক্রিয় আর্থিক অন্তর্ভুক্তি সম্ভব হয়েছে।
প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক মূলধারায় যুক্ত করতে শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো, ‘এক নাগরিক এক ওয়ালেট’ ও গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থায় আনার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি জানান, উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ ছাড়া ডিজিটাল অর্থনীতির সুফল পুরোপুরি পাওয়া সম্ভব নয়।
পিপিআরসি'র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এ সভায় বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।
//আইই//
