এসডিজি অর্জনে বিশ্ব নেতৃবৃন্দকে একসঙ্গে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান।
টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্ব নেতাদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এই কথা বলেন।
তারেক রহমান বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে একযোগে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী তার দেওয়া বার্তায় এসডিজি দ্রুত ও সফলভাবে বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানগণও ভিডিও বার্তা দেন।
আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
// ইমরান//
