তেজগাঁওয়ে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে
রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠকের সময় ‘জঙ্গি’ কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে আটক ২৩ জনের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আটক অন্য ১১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
রিমান্ডের আসামিরা হলেন, মো. শিহাব উদ্দিন (৩২), মারজুক আহমেদ (২৬), সাইফুর রহমান খান (৩২), মো. রাম্মি মিয়া (২৯), মো. কামিছুল ইসলাম (৩৬), মো. সাজ্জাদ হোসেন (২২), আফিফ আহমেদ (২০), মো. মোহাইমিনুল হক (২৭), জাওজি চৌধুরী (১৯), শাহাদাত হোসেন (২৫) সাব্বির আহমোদ (২৬) এবং জুনায়েদ আহমেদ (২১)।
শুনানিতে রাষ্ট্র পক্ষের আইনজীবী বলেন, আসামিরা দেশে অস্থিরতা সৃষ্টি করার পরিকল্পনা করেছেন এবং তার সঙ্গে জিহাদ করার জন্য লোক সংগ্রহ করছেন। তাদের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে সেই তথ্য উদঘাটনের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
আসামি পক্ষের আইনজীবী মাসুদ-উর-রহমান রিমান্ডের বিরোধিতা করে জামিন চেয়ে শুনানি করেন। ২ পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেক আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
// ইমরান //
