সিলেটে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় দুপক্ষের সংঘর্ষে রাসেল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাসেল সুরমার সিলাম এলাকার শারুক মিয়ার ছেলে।
বর্তমানে নিহতের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ঘটনাস্থল মোগলাবাজার থানার আওতাধীন।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দক্ষিণ সুরমা থানা থেকেও একটি বিশেষ টিম কাজ করছে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ এরশাদুল হক জানান, পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথেই ১ জনের মৃত্যু হয়।
এর আগে গত আগস্টে সিলাম চকের বাজারে মাজার ও মসজিদের ওয়াকফ এস্টেটের নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে শেখ গোষ্ঠী ও শাহ গোষ্ঠীর মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিলো।
// ইমরান//
