খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা
খুলনার দিঘলিয়ায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা নাসিমুল করিম ওরফে নাসিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ফরমাইজখানা এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এই ঘটনা ঘটে।
নিহত নাসিম ফরমাইজখানা এলাকার মৃত আব্দুর গফুরের ছেলে। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
দিঘলিয়া থানা পুলিশ জানায়, রবিবার সকালে একটি চায়ের দোকানে চা পান করেন নাসিম। সেখান থেকে বাড়ির উদ্দেশে রওনা হলে ফায়ার সার্ভিসের সামনে দুই ব্যক্তি তার পথরোধ করে গুলি ছোড়ে। কয়েক রাউন্ড গুলি করার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। গুলিতে গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন ও একটি চশমা উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
// ইমরান//
