ইসিবিতে আবাসন প্রকল্পে হামলা: বিকাশ গ্রেপ্তার
রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনায় বিকাশ চন্দ্র সরকার নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে মাগুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানিয়েছে, বিকাশ চন্দ্রকে হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, হামলার আগে তিনি প্রকল্পের চেয়ারম্যান নাজিমুদ্দিন ভূঁইয়া, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ জমির মালিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন। তা ব্যর্থ হলে মামলার প্রধান আসামি শাহরিয়া মাহমুদের মাধ্যমে হামলার জন্য লোক ভাড়া করার ব্যবস্থা করেন বলে অভিযোগ।
এদিকে মামলায় গ্রেপ্তার ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রবিবার তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এর মধ্যে রয়েছেন শাহরিয়া মাহমুদ, শাহ আলম অনিক, মিজানুর রহমান, মামুন, মুন্না ও আসলাম।
অন্যদিকে ৩ দিনের রিমান্ড শেষে মামলার ৪ নম্বর আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করা হলে তার জামিন মঞ্জুর করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, জমি নিয়ে বিরোধের জেরে ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রপার্টিজ ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। হামলাকারীরা অন্তত ৫০টি গুলি ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই ঘটনায় আগে গ্রেপ্তার হওয়া তিনজনকে ভাড়া করে আনা হয়েছিলো বলে তদন্তে উঠে এসেছে।
হামলার প্রায় সাড়ে আট ঘণ্টা আগে ইসিবি চত্বরের একটি রেস্তোরাঁয় শাহরিয়া মাহমুদসহ ১৪ জনের বৈঠকের তথ্যও পেয়েছেন তদন্তকারীরা। ওই বৈঠকের ছবিতে বিকাশ চন্দ্র সরকারকে শনাক্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে।
/শান্ত/
