কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ ছাড়ালো বন্দি
দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি রয়েছেন। অতিরিক্ত বন্দির চাপে কারাগারগুলোতে আবাসন, খাবার, চিকিৎসা, স্যানিটেশন ও নিরাপত্তা ব্যবস্থায় সংকট তৈরি হচ্ছে।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৭৫টি কারাগারের সম্মিলিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন। বর্তমানে সেখানে বন্দি রয়েছেন ১ লাখ ২ হাজার ১৮০ জন। এর মধ্যে বিচারাধীন ৬৮ হাজার ৩৩০ জন এবং কয়েদি বন্দি ৩৩ হাজার ৬৮৭ জন।
ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দি থাকায় কারাগারে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করেন কারা উপমহাপরিদর্শক (স্বাস্থ্য) লে. কর্নেল মোহাম্মদ আখতার হাসিব দেওয়ান। তিনি বলেন, স্বল্প জায়গায় বেশি সংখ্যক বন্দি অবস্থান করায় তাদের মধ্যে যক্ষ্মা, নিউমোনিয়া, কলেরা ও হামের মতো সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ে। একই সঙ্গে চর্মরোগের ঝুঁকিও বেড়ে যায়।
কারা অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসে কারা হেফাজতে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জনই ছিলেন বিচারাধীন বন্দি।
//ইমরান//
